ভিপিএন সুবিধা আনলো ফায়ারফক্স

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫  
থার্ড পার্টি ট্র্যাকিং বন্ধ করতে ডিফল্ট সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স। এরই ধারাবাহিকতায় এবার প্রাইভেট নেটওয়ার্ক সুবিধা চালু করছে তারা। প্রাথমিকভাবে এই সেবাটি শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাবে। তবে খুব শীঘ্রই বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হবে। পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে নিরাপদ ব্রাউজিং নিশ্চিত কিংবা অ্যাড ট্র্যাকিং কোম্পানির হাত থেকে বাঁচতে ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন মজিলা সিইও চেরিস বিয়ার্ড। তার ভাষ্য মতে, ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক একটি নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি ব্যবহার করা গেলেও ভবিষ্যতে এই সার্ভিসটি টাকা দিয়ে ব্যবহার করতে হবে। দ্য ভার্জের প্রতিবেদনে জানানো হয়েছে, ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক অনেকটা ভার্চুয়াল প্রোটোকল নেটওয়ার্কের (ভিপিএন) মত কাজ করবে, তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ব্রাউজার ভিত্তিক ভিপিএন হওয়ায় সবকিছুই মাস্কিং করতে পারবে না ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক। কিন্তু থার্ড পার্টি ট্র্যাকিং অ্যাপ থেকে বাড়তি নিরাপত্তা পেতে হলে আলাদা ভিপিএন সফটওয়্যার ইনস্টল করতে হবে।